পারিবারিক কলহের জেরে নোয়াখালীর সেনবাগে শ্বশুরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রবাসীর স্ত্রী ছায়েরা খাতুন রেখা (৩৫)। তার তিন সন্তান রয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নে ইটবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছায়েরা খাতুন রেখা ওই গ্রামের কুয়েত প্রবাসী মোঃ বাবুলের স্ত্রী ও উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে।
অভিযুক্ত শ্বশুরের নাম আবদুল মান্নান প্রকাশ মনা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে রেখার সাথে প্রবাসী বাবুলের বিয়ে হয়। বিবি আমেনা (১৬), সাইফুল ইসলাম শাওন (১৪) ও জাফর ইসলাম (১১) নামে তাদের তিন সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে থাকতেন রেখা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর মান্নানের সাথে বিরোধ ছিল রেখার। রোববার সকালে ঘর থেকে রেখার চিৎকার শুনে বাড়ির অন্য লোকজন এগিয়ে যায়। এ সময় আবদুল মান্নান ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে রেখার ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় প্রতিবেশীরা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, অভিযুক্ত আবদুল মান্নান মনাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।



