ময়মনসিংহের হালুয়াঘাটে বেপরোয়া ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর চালক নিহত হয়েছে। সোমবার রঘুনাথপুর ব্র্যাক অফিসের কাছে এ দুর্ঘটনা হয়।
নিহত মোটরসাইকেলচালক অনিক হোসেন (২৫) উপজেলার আতুয়াজঙ্গল গ্রামের আব্দুস ছালামের ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২০) গুরুতর আহত হন।
জানা গেছে, স্থানীয়রা মোটরসাইকেলচালক অনিককে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।
আহত শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



