শেরপুরের শ্রীবরদীতে মনজু (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া বগুলাকান্দি এলাকা থেকে শ্রীবরদী থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। মনজু কর্ণঝোড়া বগুলাকান্দি এলাকার মিনাল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনজু মিয়া দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। এ কারণে প্রায় এক বছর আগে মনজুর স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি তার দাদী মোছা: তারাফুল মনজুর সাথে বসবাস করে। ৩১ মার্চ দিবাগত রাতে মনজু মিয়া রশি দিয়ে তার বসত ঘরে বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস দেয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মনজুর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান বলেন, মনজু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করলে কর্তৃপক্ষ অনুমতি প্রদান করেন।



