করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে দেশব্যাপী শুরু হওয়া লকডাউনে হিলিতে বন্ধ রয়েছে দোকানপাঠ। তবে দেশে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক চালু রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।

অন্যান্য দিনের মতোই চলছে বন্দরে পণ্য আনা-নেয়া ও খালাসসহ সকল কার্যক্রম। অব্যাহত রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, জিরা, ভুট্টা, পাথরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। সবশেষ পাওয়া খবরে বেলা ২টা পর্যন্ত প্রায় ৭০টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেছে। বন্দর থেকে পণ্য নিয়ে ট্রাকগুলো দেশের অভ্যন্তরে তাদের গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্থলবন্দরগুলো লকডাউনের আওতামুক্ত থাকায় বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের মতো অব্যাহত রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনেই চলছে সকল কার্যক্রম।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানিয়েছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য দ্রুত ছাড়করণ করা হচ্ছে।