গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সোমবার এক অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে ভাটিয়াপাড়া বাজারের পাশে সোমবার বেলা এগারোটার দিকে একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সাভির্সের দুটি দল ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০ পরিবারের নগদ টাকা, মালামাল ও ২০টি ঘর úুড়ে যায়। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডে মনিরুল ইসলাম, খায়রুল মৃধা, টেপু মৃধা, হাবিব মৃধা, কলম শেখ, মো: জাফর শেখ, সুমন মৃধা, আল আমিন মৃধা, ওহিদ মৃধা, ডাবলু মৃধার ঘরে থাকা নগদ টাকা, মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় ও ওসি আজিজুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে দিকনির্দেশনা দেন। চেয়ারম্যান মশিউর রহমান খান ব্যক্তিগত উদ্যেগে দু’টি করে কম্বল, এক বস্তা করে চাল, নগদ কিছু টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন।