টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে শিশু ছিনতাইয়ের ঘটনায় ওই শিশু জুনায়েদকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ বুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে।

বিষয়টি পিবিআই টাঙ্গাইলের এসআই মেহাম্মদ আশরাফ উদ্দিন খান নিশ্চিত করেছেন।

শিশুটি বর্তমানে পিবিআই টাঙ্গাইলের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই মেহাম্মদ আশরাফ উদ্দিন খান জানান, সখীপুর থানা পুলিশ ও পিবিআইয়ের যৌথ উদ্যোগে সোমবার রাত ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুকে বিক্রি করার জন্য তারা জাঙ্গালিয়া গ্রামে নিয়ে রাখছিলো। বিক্রির আগেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি আরো জানান, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে। এ ঘটনায় কালিহাতীর হাবলা গ্রামের পরান ডাকাত ও তার স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাকচালক আছর উদ্দিনের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে আড়াই মাসের শিশু জোনায়েদকে ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার শিশুর মা কল্পনা আক্তার সখীপুর থানায় মামলা দায়ের করেন।