কুমিল্লা দেবিদ্বারে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা নিয়ে বিরোধের জেরে সম্ভাব্য নারী চেয়ারম্যান প্রার্থী শাহানাজ মোস্তফার বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছেন চেয়ারম্যান পুত্র ফখরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার দুপুরে ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী প্রার্থীর স্বামী গোলাম মোস্তফাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউপির বর্তমান চেয়ারম্যান খন্দকার এম এ সালামের ছেলে ফখরুলের নেতৃত্বে এমন তাণ্ডব চালান তার সহযোগীরা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আহত গোলাম মোস্তফা জানান, আমার স্ত্রী শাহনাজ মোস্তফা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দীর্ঘদিন ধরে চেয়ারম্যান খন্দকার এমএ সালাম ও তার ছেলে ফখরুলসহ তার অনুসারীরা তাকে হত্যার পরিকল্পনা করে আসছে। এর আগেও তার ওপর হামলা চালায় তারা। তিনি আরো বলেন, মঙ্গলবার দিনদুপুরে সন্ত্রাসী ফখরুল তার লোকজন নিয়ে এসে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়া হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ ছাড়াও আমার ছেলে আল মামুন, পুত্রবধূ রোকেয়া ইসলাম এবং ম্যানেজার ফারুক ও শামীমকে পিটিয়ে আহত করা হয়।
চেয়ারম্যান প্রার্থী শাহনাজ মোস্তফা বলেন, বর্তমান চেয়ারম্যান খন্দকার এমএ সালাম আমার পরিবারের ওপর বিভিন্ন নির্যাতন চালিয়ে আসছে। তিনি তার ছেলে ও সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে তার পেছনে।
এ ব্যাপারে চেয়ারম্যান খন্দকার এম এ সালাম বলেন, কারা মোস্তফার ওপর হামলা করেছে জানা নেই। আমার ও আমার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।