কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত মো: ফারুক খান (৩৫) শহরের চন্ডিবের এলাকার খান বাড়ির মো: সালাম খানের ছেলে।
জানা গেছে, ছুরিকাঘাতের পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন আবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করেছে।
প্রত্যক্ষদর্শী ও ফারুক খানের খালাত ভাই আরিফ জানান, ফারুক খান তার ব্যবসায়ীক কাজ শেষ করে ভৈরব-আশুগঞ্জ সড়ক সেতু দিয়ে ভৈরবে আসেন। মন্দিরের নিকট পৌঁছলে তিনজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ফারুক খানকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আরিফের ডাক চিৎকারে মানুষ এগিয়ে এসে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর ফারুক খান মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিয়াসাত আজিম বলেন রাত ৯টা ৫০ মিনিটে মুমূর্ষু অবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। চিকিৎসাচলাকালে মিনিট দশেকের মধ্যেই তিনি মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির তিনটি আঘাত রয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।



