মাদারীপুর শহরের পুরান বাজারের দোকান খুলে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার সকালে এ দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বণিক সমিতি।

এ সময় মাদারীপুর বণিক সমিতির সভাপতি সাব্বির ভূঁইয়া ছোট ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া বক্তব্য রাখেন। তারা পৌর এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য মেয়র খালিদ হোসেন ইয়াদের সহযোগিতা কামনা করেন।

বণিক সমিতির নেতারা বলেন, ব্যবসায়ীদের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান গত বছর বন্ধ ছিল। অনেক প্রতীক্ষার পর একটি বছর পরে ঈদ উৎসবে পুরান বাজারে কেনাকাটার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজনের সমাগম হয় বিধায় ব্যবসায়ীরা প্রচুর টাকা ধার-কর্জ করে, ব্যাংক লোন নিয়ে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে ব্যবসাপ্রতিষ্ঠানে মাল মজুদ করেছেন। কিন্তু ঈদের আগে আবারো সব বন্ধ করে দেয়া হলো। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা বড় ধরনের সঙ্কটে পড়েছেন। এক দিকে তাদের আয়ের পথ বন্ধ। অন্য দিকে ঋণ পরিশোধের চাপ।

তারা আরো বলেন, সাময়িক সময়ের জন্য হলেও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার কাছে জোর দাবি জানাচ্ছি।