রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলেদের জালে ধরা পড়া দু’টি কাতল ও একটি আইড় ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ তিনটি ফেসবুকের মাধ্যমে দৌলতদিয়া ঘাটেরে এক ব্যবসায়ী কাছ থেকে ঢাকার এক ব্যবসায়ী কিনে নেন। বুধবার দুপুরে বড় বড় মাছ তিনটি পৃথক জেলের জালে ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদ্মা ও যমুনা নদীর মোহনায় বুধবার দুপুরে জয়নাল সরদার নামে এক জেলের জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির এক কাতল। ৩০ কেজি ওজনের মাছটি বিক্রির উদ্দেশে নদীর পাড়ে আনলে একনজর দেখতে ভির করেন উৎসুক জনতা। পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লার আড়তে নেয়া হয়। মাছটি ১৭ শ’ টাকা কেজি দরে ৫১ হাজার টাকায় বিক্রি হয়।

অপর দিকে, দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মায় কালাম হালদার জাল ফেললে একটি কাতল মাছ ধরা পড়ে। মাছটির ওজন ১৩ কেজি। দুপুরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের রুসুর আড়তে মাছটি বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডাকের মাধ্যমে এক হাজার ১৫০ টাকা কেজি দরে ১৪ হাজার ৬৫০ টাকায় কিনে এক হাজার ২৫০ টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

এ ছাড়া দেলোয়ার নামের আরেক জেলের জালে ধরা পড়া সাড়ে ছয় কেজি ওজনের আইড় মাছটি ডাকের মাধ্যমে নয় হাজার ৩০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে তিনি ওই মাছটি ১০ হাজার ৭৭৫ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যাবসায়ী মো: চান্দু মোল্লা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জয়নাল সরদারের জাল ফেলে। এ সময় তার জালে বড় ওই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে দুলালের আড়ত থেকে ডাকের মাধ্যমে ১৬ শ’ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় মাছটি কিনে ১৭ শ’ টাকা দরে ৫১ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেছি।

চান্দু মোল্লা আরো জানান, মাছ তিনটি ডাকে কেনার পর ছবি তুলে ফেসবুকে আপলোড দেই। বুধবার দুপুর ১টার দিকে ওই মাছের ছবি দেখে ঢাকার বড় এক ব্যবসায়ী তিনটি মাছ কিনে নেন।