লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫), একই এলাকার রফিক মেকারের ছেলে অটোরিকশারচালক স্বপন হোসেন (৪৫)। দুর্ঘটনায় বেলাল হোসেন মাঝি নামে আরো এক বৃদ্ধ আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’জন যাত্রী নিয়ে অটোরিকশারচালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিলেন। পিকআপটি তেওয়ারীগঞ্জ বাজার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাত্তার ও চালক স্বপনের মৃত্যু হয়।

গুরুতর আহত আরেক অটোরিকশারযাত্রী বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহত বেলালকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।