শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের জাতীয় পতাকার মতো সবুজের বুকে ব্যতিক্রমী বেগুনি রঙের ধানচাষ করে তাকলাগিয়ে দিয়েছেন রণঞ্জিৎ সাহা নামে এক কৃষক। রূপনারায়ণকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামে ওই কৃষি খামারটি তৈরি করা হয়।

জানা গেছে, সবুজের বুকে লাল বৃত্ত, জাতীয় পতাকার আদলে ধানের মাঠ গড়ার শখ ছিল রণঞ্জিৎ সাহার। লাল রঙের ধান গাছ হয় না। তাই তার শখ পূরণ হওয়ার নয়। তবে জাতীয় পতাকার মাঝের বৃত্ত তিনি ভরাট করেছেন বেগুনী রঙের এক ধরনের ধান গাছ দিয়ে। চার পাশে সবুজ আর মাঝে বেগুনি রঙের ধানের চারা দিয়ে জাতীয় পতাকার আদলে একটি ধানক্ষেত তৈরি করেছেন তিনি।

শুধু রংটা বেগুনি। সবুজের বুকে এই বেগুনিও কখনো কখনো লাল মনে হচ্ছে। দূর থেকে দেখলে বেগুনি রংটি লালই মনে হবে যে কারো। যা অনেকটাই আমাদের জাতীয় পতাকার মতো। ধানের ক্ষেত্রে এমন দৃশ্য দেখতে অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় করেন রণঞ্জিৎ সাহার কৃষি খামারে।
মানুষের এই আগ্রহে রণঞ্জিৎ সাহাও নিজেকে ধন্য মনে করছেন। এমনটাই জানা গেছে তার সাথে কথা বলে।