বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়নের আমতলী গ্রামের মো: আল-আমীনের (৩২) রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ১০টায় লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

মৃত আল-আমীন ওই গ্রামের মরহুম নুর মোহাম্মদের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

জানা গেছে, শনিবার সকালে চট্টগ্রামের বোনের বাসায় তার রহস্যজনক মৃত্যু হয়। এ দিকে মৃত্যুর খবর স্বজরা গোপন রেখে একটি ভুয়া মৃত্যুসনদ তৈরী করে শনিবার দিবাগত রাত ৩টার দিকে লাশ বামনায় তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। রাতেই তাকে দাফন করার পরিকল্পনা করে স্বজনরা। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীরা জানতে পেরে বামনা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আল-আমীনের দুই দুলাভাই জাহাঙ্গীর আলম (৪৫) ও মো: আজিজকে (৪২) আটক করে বামনা থানায় নিয়েছে পুলিশ।

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, আল আমীনের মৃত্যু স্বাভাবিক ছিল না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।