নড়াইল সদর হাসপাতালের ‘ইউজার ফি’ অর্থাৎ বহির্বিভাগ, জরুরি বিভাগ, ভর্তি, প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, কেবিন, অ্যাম্বুলেন্স, অপারেশন ও করোনাসহ অন্যান্য ফিয়ের টাকা আত্মসাতের অভিযোগে হিসাবরক্ষক জাহান আরা খানম লাকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগ খুলনা অঞ্চলের পরিচালক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠিটি বৃহস্পতিবার সকালে এসে পৌঁছায়। এর আগে হিসাবরক্ষক লাকির বিরুদ্ধে গঠিত বিভাগীয় তদন্ত কমিটি ৪৮ লাখ ১৯ হাজার ৮৮২ টাকা আত্মসাতের প্রমাণ পায়। এ ছাড়া গত ৭ এপ্রিল নড়াইল সদর হাসপাতালের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠিত হয়। এই কমিটিও লাকির বিরুদ্ধে টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।