মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে সেলিম হোসেন খোকন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই সন্তান কাউছার হোসেন (২২)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ ঘরের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন খোকন ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের ছেলে।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে সেলিম হোসেন খোকনকে তার দ্বিতীয় ছেলে কাউছার লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে সে পালিয়ে যায়। নিহতের বোন মমতাজ বেগম বলেন, আমার ভাই ইতঃপূর্বে গাড়ির ড্রাইভারি করত। সাত মাস ধরে প্যারালাইসিসের রোগী হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিল। অনেকটা সুস্থ হয়েও ওঠে। ছেলে কাউছার শয়ন কক্ষে তাকে পিটিয়ে হত্যা করে। ছয় বছরের ভাতিজি খাদিজার কাছ থেকে খবর পেে য় আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে খুনি কাউছার আমাকেও হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে শান্তিপুর বাঘুলি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: লুৎফর রহমান বলেন, মামলার প্রস্তুতি চলছে।