নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারের সওদাগর মার্কেটে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খরর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় দুটি মুদি মালের গুদাম , একটি কম্পিউটার দোকান, একটি ওষুধের দোকান, একটি কোল্ডকর্নার দোকান ও একটি ফুলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ হয়নি, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ দিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। রোববার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ অনুদান দেন।
এ বিষয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘রাতে আগুন লাগার কথা শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ৫০ হাজার করে মোট তিন লাখ টাকা অনুদান দিয়েছি।’



