দিনাজপুরের ঘোড়াঘাটে ফেন্সিডিল বহনকারী পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত রিকশাভ্যানের সাথে সংঘর্ষে সফিকুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ভ্যানে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার আট নম্বর মামুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামের মোহাম্মদ আলী সুরুজের ছেলে।
দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কানিগড়ী গ্রীন আটোরাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রীন অটোরাইস মিলের সামনে মহাসড়কে পিকআপ ও ব্যাটারি চালিত রিকশাভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সফিকুল ইসলাম নিহত হন। পরে স্থানীয় জনতা পিকআপটিকে আটক করে। পিকআপটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহম্মেদ জানান, নিহত ভ্যানচালকের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভ্যানের আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল হক বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা ও মাদকদ্রব্য আইনে একটি আলাদা মামলা দায়ের প্রস্তুতি চলছে। পিকআপের মালিককে শনাক্তের চেষ্টা চালাচ্ছি। এরপর পিকআপের চালক এবং হেলপারকে গ্রেফতারের পদক্ষেপ গ্রহণ করা হবে।



