নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিবাদমান দ্বন্দ্বের জের ধরে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে পৌর মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত নজরুল ইসলাম ফয়সাল (৩০), উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির এনামুল হক মেম্বারের ছেলে। শনিবার রাতে তাকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার থেকে আটক করে।
সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে এ মাওলা রাজু জানান, শনিবার সন্ধ্যার পর সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের নেতৃত্বে টেকের বাজারের ব্যবসায়ীদের সাথে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল হঠাৎ আমাদের নেতা-কর্মীদের ওপর লাঠি চার্জ করে ফয়সালকে আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার মো: আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি শনিবার মিছিল করতে গেলে তাকে আটক করে পুলিশ।



