বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছেন দুই ভাইকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদারের সাথে তার সহোদর ভাইদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণেই ঈদের পর দিন শনিবার সকালে চক্রীবাড়ি বাজারসংলগ্ন সম্পত্তির বিরোধ নিয়ে ভাইদের সাথে বাগি¦তণ্ডা হলে একপর্যায়ে বজলুর হক তার ভাই মজিদ হাওলাদারকে মারধর করেন। এ সময় তার ছোট ভাই মিজানুর রহমান মারধরে বাধা দিতে গেলে তাকেও বজলুর রহমান ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা মিজানুর ও মজিদকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা: সৈকত জয়ধর জানান, মিজানুরের মাথার দুই স্থানে সেলাই লেগেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুল হক হাওলাদার ভাইদের মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার ভাই মিজান ও মজিদ আমার চাষ করা ঘের থেকে জোর করে মাছ ধরে। আমি বাধা দিতে গেলে আমাকে অকথ্যভাষায় গালমন্দ করে দা দিয়ে কোপাতে আসে। লোকজন ফেরাতে গেলে সেই দা-এর আঘাত তাদের মাথায় লাগে। এর আগেও তারা অনেক ধরনের অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।