বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত সিদ্দিকুর রহমান (৩০) ও আব্দুস সাত্তার ঢালী (৫৭) দুই জনই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম বেপারী ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল রাঢ়ীর মধ্যে উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে উলানিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন উভয় নেতা। পরে উভয় নেতার অনুসারী কর্মীদের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগের কর্মী সিদ্দিকুর রহমান । গুরুতর আহত অবস্থায় সাত্তার ঢালীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।