লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আমির হোসেন ডিপজলের মালিকানাধীন মেসার্স মদিনা ব্রিকসের ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে মো: বেলাল হোসেন (৩০) ও ফারুক হোসেন (১৮) নামে দুই ভাইসহ রাকিব হোসেন (২০) নামে আরো এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুই ভাই জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে। অপর নিহত রাকিবের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আরমান হোসেন ও হেলাল হোসেনসহ মারাত্মক আহত হয়েছেন আরো ১০ ইটভাটা শ্রমিক। আহতদের রামগঞ্জ উপজেলা হাসপাতাল ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মদিনা ব্রিক ফিল্ডের চুল্লির দেয়াল ধসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
শ্রমিক হেলাল হোসেন জানান, প্রতিদিনের মতো তিনিসহ ফিল্ডের ১৫-২০ জন শ্রমিক চুল্লিতে কাঁচা ইট বসাচ্ছিলেন। হঠাৎ করেই চুল্লির উত্তর পাশের দেয়ালটি ধসে শ্রমিকদের ওপর পড়ে। এ সময় অন্য শ্রমিকরা দেয়ালের নিচে চাপা পড়া কয়েকজন শ্রমিককে বের করতে পারলেও দুই ভাই বেলাল ও ফারুক এবং রাকিবকে বের করা সম্ভব হয়নি। পরে দুই ভাই বেলাল ও ফারুককে মৃত উদ্ধার করা হলেও রাকিবকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হাবিবুর মাঝি নামের এক শ্রমিক জানান, গত বছর একবার এ ধরনের দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হলে আমরা মালিককে জানালেও তিনি দেয়াল সংস্কার করেননি। রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুর রশিদ জানান, আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক ধারণা করছি ধসে যাওয়া দেয়ালটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। অনেক পুরাতন হওয়ায় দেয়ালটি কর্মরত শ্রমিকদের ওপর ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।



