কুড়িগ্রামের রাজারহাটে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেয়া হয়েছে বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূ ও তার আড়াই বছরের শিশু সন্তান সিদরাতুল ইসলাম সাফিকে। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে মা ও শিশু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের স্ত্রী বিউটি আক্তার ও তার আড়াই বছরের শিশু সন্তান সিদরাতুল ইসলাম সাফি গত শনিবার সন্ধ্যায় বাড়ির উঠনে বসে ছিলেন। এ সময় টিনের বেড়ার বাইরে থেকে কে বা কারা গরম ফুটন্ত পানি তাদের শরীরের ওপর ছুড়ে দেয়। এ সময় মা ও ছেলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজারহাট থানার ওসি রাজু সরকার। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।