নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে গেছে এক শিশু। নিখোঁজ ওই শিশুর নাম লিমা আক্তার (৭)। সে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানউল্যাহ গ্রামের জুগলুলের মেয়ে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।
হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো: আলাউদ্দিন জানান, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ হওয়া শিশুটির বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা বাসিন্দা আজাদ জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের ফলে দুপুরে জুগলুলের ঘরে পানি ঢুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ছিল লিমা। সন্ধ্যার কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বুধবার দুপুর থেকে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়।



