চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মো: শাহজাহান (৭৫) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজি বাড়ির মৃত গণি আহম্মদের ছেলে।

শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক সময় ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত রয়েছে।

নিহতের ভাতিজা সোহেল মোস্তফা দোলন বলেন, শুক্রবার সকালে আমার চাচা বাড়ির পাশে একটি জমিতে মাটিকাটা দেখতে যান। এসময় নুরুল হুদা দুলাল মাস্টার ও তাজুল ইসলামের নের্তৃত্বে রাজা মিয়া, রানা, রনি, ইফাজ, ছুট্টু, ফজলু কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই বিষয়ে ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক বলেন, মুক্তিযোদ্ধা শাহজাহান ভাই মারা যাওয়া সত্যি দুঃখজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে ওসমানপুর ইউনিয়নে মো: শাহজাহান নামে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।