পাবনার সাঁথিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সড়ক মেরামত কাজের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ ব্যাপারে এলজিইডির প্রধান প্রকৌশলী আগারগাঁও ঢাকা বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না।
অভিযোগে জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা আরঅ্যান্ডএইচ সেলন্দা জিসি ভায়া ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া, গোপালপুর, হলুদঘর ও খিদিরগ্রামে ১১ দশমিক ৭৭ কিলোমিটার সড়ক মেরামত কাজ মেসার্স জিন্নাত আলী জিন্নাহ লিমিটেড নানা অনিয়মের মধ্যে দিয়ে কাজ শুরু করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করা হয়।
তারা অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আঁধারে ট্রাকে করে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া ও বালু রাস্তায় ফেলে রুলার দিয়ে কম্পেকশন করছে। কম্পেকশন করার পর খোয়া ডাস্টে পরিণত হচ্ছে।
এসব অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। অ্যাডভোকেট শামসুল হক নান্নু ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক বিবেচনায় মেরামতের জন্য সরকার মোটা অঙ্কের টাকা বরাদ্দ দিয়েছে। সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুনীতি করা হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ জিন্নাত আলী জিন্নাহ অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, শিডিউল মেনেই কাজ করা হচ্ছে। কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় ষড়যন্ত্র হচ্ছে। আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ আমি কখনোই করি না। এটি বিশ্ব ব্যাংকের অর্থায়নের কাজ অনিয়ম হলে তো আমি বিলই পাবো না। সাঁথিয়া এলজিইডির উপজেলা প্রকৌশলী (অতি: দায়িত্ব) আবুল হাসেম বলেন, কাজে কিছু অনিয়ম দেখা যাওয়ায় সঠিকভাবে কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।