বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে দু’জন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের মৃত ধীরেন গুপ্তের ছেলে বিরেন গুপ্ত (৬০) পারিবারিক কলহের জেরে ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে বিরেন গুপ্ত অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিরেন গুপ্তের ভাইয়ের ছেলে রমেন গুপ্ত জানান, পারিবারিক অশান্তি ও মানসিক ভারসাম্যহীনতার কারণে বিরেন গুপ্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

এ দিকে শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হেলাল সিকদারের মেয়ে সাহিনুর আক্তার (২৪) তুচ্ছ ঘটনায় পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন সাহিনুরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তানলিজা আক্তার জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।