রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। হাতুড়িপেটার শিকার রাসেল তালুকদার (২০) উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আমির আলী তালুকদারের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল তালুকদার অভিযোগ করে বলেন, আমি টাইলসের কাজ করি।
সম্প্রতি এক ঠিকাদারের কাজের সময় একই গ্রামের জিয়া সরদারের ছেলে আসাদ সরদারকে কাজে নিয়ে যাই। সেখানে কাজ করার ৫০০ টাকা বাকি থাকে। ঠিকাদার না দেয়ার কারণে তাকে দিতে পারিনি। আমার কাছে টাকা চাইলে তাকে বলি চল ঠিকাদারের কাছে গিয়ে টাকা আনি। সে না গিয়ে আমাকে চাপ সৃষ্টি করে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমি বেতেঙ্গা রেলব্রিজ পার হয়ে বাড়ি ফেরার সময় আসাদ সরদার, আব্দুল্লাহ মোল্যা, নয়ন সরদার, সাকিব সরদারসহ ৪-৫ জন আমার গতিরোধ করে কাছে থাকা নগদ আট হাজার টাকা, একটি স্মার্ট মোবাইলসেট ছিনিয়ে নেয়। আমি প্রতিবাদ করলে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ফেলে রেখে চলে যায়। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।