সড়ক দুর্ঘটনায় দিনাজপুর জেলার নবাবগঞ্জের আমার বাড়ি আমার খামার প্রকল্পের সাবেক সমন্বয়কারী নজরুল ইসলামের (৩৯) মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কে জোয়াল কামড়া আইসিটি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার দামাইল গ্রামের নূরল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানান, জোয়াল কামড়া আইসিটি স্কুল সংলগ্ন সড়কে হঠাৎ বিকট শব্দ শুনতে পায় তারা। পরে দেখতে পায় একটি লাল রঙের মোটরসাইকেল আরোহী ফাঁকা রাস্তায় গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় এক অটোভ্যানের চালক তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর-হিলি আঞ্চলিক সড়কে জোয়াল কামড়া আইসিটি স্কুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, তিনি বর্তমানে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।