নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাতজন গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে অনুসারীদের নিয়ে মিছিল করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় তিনি মাইকে স্লোগান ধরেন, ‘ওসি রইন্যার (ওসি মীর জাহেদুল হক রনি) চামড়া তুলে নেব আমরা’, ‘শামিমের (এএসপি শামিম কবির) চামড়া তুলে নেব আমরা’, ‘ইউএনওর চামড়া তুলে নেব আমরা’, ‘ডিসির চামড়া তুলে নেব আমরা’, ‘এসপির চামড়া তুলে নেব আমরা’।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে মেয়র কাদের মির্জার নেতৃত্বে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য দেন কাদের মির্জা।
এ সময় কাদের মির্জা কোম্পানীগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির প্রত্যাহার দাবি করেন।
এ জন্য তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে বলেন। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার হুমকি দেন।
মেয়র বলেন, এখানে প্রশাসনের ছত্রছায়ায় তাণ্ডব চালাচ্ছে। ডিসি-এসপির নির্দেশে টাকার জন্য প্রশাসন তাদেরকে সমর্থন দিচ্ছে। তারা এখানে এমপি একরামের রাজত্ব কায়েম করতে চায়। ওবায়দুল কাদের সাহেবের কথা এখন বললাম না। আমার সাথে যেসব ওয়াদা করেছেন সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করেন। না হলে আপনার বিরুদ্ধেও চলবে, আপনার বউয়ের বিরুদ্ধেও চলবে। ছাড় দেব না।
বক্তব্যের শেষে কাদের মির্জা তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল সমাবেশ করার নির্দেশ দেন। এতে কেউ বাধা দিলে তা প্রতিহতেরও নির্দেশ দেন।



