ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বিগত দিনে ২০ বছরেও অনেক জেলা ও উপজেলায় যুবলীগের কোনো কমিটি গঠন না করে একই ব্যক্তি দিনের পর দিন পদ দখল করে ছিলেন।
তিনি বলেন, যুবলীগের বিগত দিনের সেইসব কথা ভুলে যান। এখন আর কাউকে সেই সুযোগ দেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সব ইউনিটের সম্মেলন সম্পন্ন করে শক্তিশালী কমিটি দেবো।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি একথা বলেন। শহরের চরকমলাপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে সকাল হতে দিনব্যাপী এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নিক্সন চৌধুরী এমপি বলেন, যুবলীগ চলে যুবলীগের চেয়ারম্যানের নেতৃত্বে দলের গঠনতন্ত্র অনুযায়ী। যুবলীগের কমিটি গঠনের ক্ষেত্রে কোনো এমপি-মন্ত্রীর সুপারিশ চলবে না। কোথাও জামায়াত-শিবির-বিএনপির কোনো লোক যাতে যুবলীগে ঢুকতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বর্ধিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু মনির মো: শহিদুল হক রাসেল, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন ও বিপ্লব মোস্তাফিজ।
সভায় জেলার ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন ও ফরিদপুর সদর উপজেলায় যুবলীগের বর্তমান কমিটিগুলো বিলুপ্ত করে আগামী ৭ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলায় সম্মলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার পর নবগঠিত ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে জেলার সম্মেলন আয়োজন করবে বলে জানানো হয়।




