চট্টগ্রামের হাটহাজারীতে নিজ দোকানে হত্যা করা হয়েছে মো: সরোয়ার আজম (২৬) নামের এক ব্যবসায়ী। বুধবার ওই ব্যবসায়ীর নিজ দোকান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজম টেলিকমের সত্ত্বাধিকারী মোহাম্মদ সরোয়ার আজম তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে হত্যার শিকার হয়েছেন।

বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দোকানটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। পরে টিনের চাল খুলে ভেতর থেকে আজমের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত ব্যবসায়ী আজম ওই এলাকার মুক্তিযোদ্ধা মরহুম সামশুল আলমের ছেলে বলে জানা গেছে।

‌ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আকবর স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার রাতে সরোয়ার আজম প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকানেই রাত যাপন করছিলেন। বুধবার সকালে দোকান না খোলায় পাশ্বর্বতী দোকানের লোকজন তাকে ডাকতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। কিছুক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ আসার পর টিনের চাল খুলে দেখতে পায় সরোয়ারের গলা কাটা লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সরোয়ারের লাশ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, দোকানের দরজা-জানালা সব ঠিক আছে। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় দোকানের টিনের চাল খুলে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজমের সাথে থাকা মোবাইল ফোন ও দোকানের জিনিসপত্র ও ক্যাশবক্স সব ঠিক আছে। সেখানে থাকা টাকা-পয়সা লুট হয়নি। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ওসি আরো বলেন, বিষয়টি রহস্যজনক। পুলিশ তদন্ত শুরু করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ দিকে আজমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুন তার মেহদী অনুষ্ঠান এবং পরের দিন বিয়ের তারিখ ছিল। বিয়ের তারিখ ঠিক হওয়ায় আজম বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।