নরসিংদীর শিবপুরে জুনাইদ মিয়া (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
নিহত কিশোর জুনাইদ মিয়া শিবপুর উপজেলার হিজুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের রাজমিস্ত্রী জসিম উদ্দিনের ছেলে।
বুধবার দুপুর ১২টায় বাড়ির পাশে হিজলিয়া দক্ষিণ পাড়া গ্রামের শাহজাহান মুন্সির পুকুর পাড়ের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
জুনাইদ মিয়ার মা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের সাথে খাবার খেয়ে জুনাইদ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে শাহজাহান মুন্সির পুকুর পাড়ে একটি টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এ সময় এলাকার স্থানীয় লোকজনকে জানালে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়।
কিশোর জুনাইদ মিয়ার বাবা জসিম উদ্দিন জানান, আমি রাজমিস্ত্রীর কাজে নরসিংদীর চরাঞ্চলে ছিলাম। সকালে খবর পেয়ে বাড়িতে এসে দেখি শাহজাহান মুন্সির পুকুর পাড়ের একটি পরিত্যক্ত টিনের ঘরে জুনাইদ মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মো: মজিবুর রহমান সরকার বলেন, এই ছেলে গত সপ্তাহেও গাছ থেকে পড়ে আহত হয়। অন্য কোনো ঘটনা বা শত্রুতা আছে বলে মনে হয়নি। এর মধ্যে হুট করে এই অবস্থায় তার লাশ পাওয়াটা রহস্যজনক।
শিবপুর মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হিজুলিয়া দক্ষিণ পাড়া গ্রামের একটি পুকুর পাড়ে পরিত্যক্ত টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় জুনাইদ মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলটি আত্মহত্যা করেছে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।






