বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজে ২৭ ঘণ্টা পরে হেফজখানার আবাসিকছাত্র সাকিব মোল্লার (১৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার দুপুরে নিখোঁজের ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ পাওয়া যায়। নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামের দিনমজুর মান্নান মোল্লার ছেলে সাকিব মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সে স্থানীয় হরতকীতলা আবাসিক হেফজখানার ছাত্র ছিলেন। অনেক খোঁজাখুজির পর একপর্যায়ে ভাসমান লাশের সন্ধান পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সাকিবের লাশ সনাক্ত করে।

ফায়ার সার্ভিস মোড়েলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় সাকিবের লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাকিবের লাশ উদ্ধার হয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।