সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় করোনা শনাক্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সতর্কতার আওতায় কিছু বিধি-নিষেধ ওই এলাকার মানুষদের মেনে চলতে হবে।
সীমান্তবর্তী চন্দপুর, সোনাবাড়িয়া ও কেড়াগাছি ইউনিয়নে এই বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, করোনার প্রভাব রোধে অবৈধভাবে যাতে কেউ ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত না করতে পারে সে জন্য কড়া নজরদারির পাশাপাশি ওই তিন ইউনিয়নের বাজার গুলোয় এ নির্দেশনা বাহাল থাকবে।
নির্দেশনার আলোকে বুধবার সন্ধ্যা ৭টার পর থেকে ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ থাকবে। জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইলকোট পরিচালনা করে শাস্তির আওতায় আনা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুবাইয়ের হোসেন চৌধুরী।
বুধবার পৃথক সময়ে উপজেলার সীমান্তবর্তী চন্দপুর, সোনাবাড়িয়া ও কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিজিপি প্রতিনিধি, শিক্ষক ইমাম, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে সচেতনতামুলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হেলাল, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম প্রমুখ।



