মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বালাসুর বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গার একটি পুকুর থেকে রুভাসমান অবস্থায় পুলিশ পারভীন আক্তার (৩৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ পারভীন আক্তারের স্বামী অহিদ মুন্সীকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

অহিদ আকনের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে পারভীন আক্তার ও তার স্বামী অহিদ মুন্সীকে বুধবার রাতে বাসা থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে দুই কিলোমিটার দূরে পারভীনকে গলা কেটে হত্যা করে। এ সময় অহিদ পালিয়ে আসেন। রাত ৪টার দিকে উত্তর বালাশুর এলাকা থেকে অসংলগ্ন অবস্থায় স্বামী অহিদ মুন্সীকে এলাকাবাসী উদ্ধার করে। পরে খোঁজাখুঁজি করে সকালে পারভীন আক্তারের লাশ আড়িয়ল বিল এলাকায় পাওয়া যায়। পুলিশ লাশের কাছ থেকে ২০ ফুট দূরে স্বামী-স্ত্রীর মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।

পারভীন আক্তার ও অহিদ মুন্সী দম্পতির সম্পা (১৬), মিম (৮), জান্নাত (৪) নামে তিন মেয়ে ও ইয়াসিন (১২) নামে এক ছেলে রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার গত শুক্রবার বিয়ে হয়।

অহিদের ফুফাত ভাই আলামিন জানান, রোববার সম্পার শ্বশুর বাড়ির লোকজনের সামনে প্রতিপক্ষ রাজা মিয়ার অনুসারী এলাকার জনি, অপু ও আরিফসহ বেশ কয়েকজন বাড়িতে এসে অহিদ মুন্সীকে মারধর করে। স্থানীয়রা জানায়, ওই সম্পতির ওপর রাজা মিয়ার সিন্ডিকেটের বাইরে আরেকটি সিন্ডিকেট অহিদ মুন্সীর হয়ে কাজ করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার শিকার গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্ত শেষে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হবে।