জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান (৩৪), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী (২৬), ছাত্রদলকর্মী আসফাকুর রহমান পাপন (৩১), আতিকুর রহমান সোহাগ (৩৪), হাসান আহমেদ রঞ্জু (২৬), সোরহাব ইসলাম (২০) ও শাহরিয়ার কবির তামিম (১৯)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, অস্ত্র, নাশকতা ও বিস্ফোরণের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান বলেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পুলিশ জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ সাত নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে গ্রেফতারদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।



