ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় একটি বাস খাদে পড়ে ট্রাকচালকসহ দুই জন নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী শফিকুল ইসলাম (৩৫) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার লঙ্গারচরের বাসিন্দা মাজম আলীর ছেলে। অপরদিকে নিহত ট্রাকচালক ইয়াকুব মোল্লা (৪৫) নড়াইল জেলার বাসিন্দা বাবু মোল্লার ছেলে।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় যাত্রীদের নামিয়ে যান্ত্রিক ত্রুটি মেরামত করতে মনিকা ক্লাসিকের একটি বাস রাস্তায় দাঁড়ায়। এই সময় একটি ট্রাক পেছনে এসে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থলে আহত ট্রাকচালক ও তার দুই সহকারীকে ভালুকা সরকারি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর ট্রাকচালক ইয়াকুব মোল্লা মারা যান।
পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।






