বিদ্যুতের গ্রিড লাইনে কাজ করতে গিয়ে তারে জড়িয়ে হাত-পা হারিয়ে পঙ্গুত্ববরণকারী বগুড়ার শিবগঞ্জের যুবক শাকিলের অসহায় জীবনে সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখা। তাকে স্বাবলম্বী করতে কিচক বাজারে দেয়া হয়েছে একটি পাকা ঘরসহ মুদি দোকান।

স্থানীয় সংসদ সদস্যের ছেলে হুসাইন শরীফ সঞ্চয়ের অর্থায়নে নির্মিত পাকা দোকানঘর ও মালামাল বৃহস্পতিবার শাকিলের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুসহ নিসচা’র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাইফুল ইসলাম শাকিল (২০) উপজেলার কিচক ইউনিয়নের আপসন গ্রামের হতদরিদ্র শাহিনুর ইসলামের একমাত্র ছেলে। সংসারে অভাব-অনটনের কারণে স্কুল পড়া বাদ দিয়ে শাকিল পল্লী বিদ্যুতের লাইন নির্মাণের শ্রমিক হিসেবে ২০১৪ সালে সামান্য বেতনে চাকরি নেন। কুমিল্লায় বাতাবাড়িয়া গ্রামে ৩৬৫০ কেভির হাই ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে একটি দুর্ঘটনায় তিনি পঙ্গু হয়ে যান। কেটে ফেলা হয়েছে তার ডান হাত-পা।