পাবনার বেড়ায় দুলাল মোল্লা (৪০) নামের একজন বজ্রপাতে মারা গেছেন। শনিবার ভোর ৬টার দিকে চাকলা ছোন্দহ ব্রিজ নামক স্থানে ফসলি মাঠে বজ্রপাতে এ দুর্ঘটনা হয়।
মৃত দুলাল মোল্লা উপজেলার চাকলা ইউনিয়নের ১ নম্বর ওর্য়াডের চাকলা মোল্লা পাড়া গ্রামের মৃত আবুসমা মোল্লার ছেলে। তিনি চাকলা মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডের সোহান ডেকোরেটরের মালিক ছিলেন।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুলাল প্রতিদিন ভোরে তার নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি তুলতে মাঠে যান। প্রতিদিনের মতো শনিবার ভোরে তিনি জমিতে শসা তুলতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হন। এ সময় একটু দূরে থাকা তার আপন ছোট ভাই মিলনসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বেড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী মো: শহিদুল্লাহ জানান, পাবনা জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে মৃতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।






