কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারীসহ দুই রোহিঙ্গার নিহত হয়েছেন। শনিবার প্রবল বর্ষণে পাহাড় ধস ও হতাহতের ঘটনা ঘটে।

৮-এপিবিএন পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার আশফাকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে পাহাড় ধসের ঘটনায় নিহত রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন উখিয়ার ময়নার ঘোনা ১২ নম্বর ক্যাম্পের রফিক উল্লাহ (৩২)। তিনি ৭ নম্বর জে ব্লকের অছিউর রহমানের ছেলে ও অপরজন টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নুর হাসিনা (২০)। তিনি ব্লক ‘এ’-এর ১৮ নম্বর বাড়ির শাকের আহমদের স্ত্রী।

এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ের মাটি খনন করতে গিয়ে রফিক উল্লাহ মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা পড়া অবস্থায় রোহিঙ্গা রফিকুল্লাহর লাশ উদ্ধার করে।

অপর দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অতি বর্ষণে পাহাড় ধসে গিয়ে রোহিঙ্গা নারী নুর হাসিনা মাটি চাপা পড়ে। এ সময় ১৬ এপিবিএন পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্যা চিল্ড্রেন হাসপাতালে নিয়ে গেলে রোহিঙ্গা নারীকে মৃত ঘোষণা করা হয়।

১৪ এপিবিএন ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ নাঈমুল হক জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত রোহিঙ্গাদের লাশ তাদের আত্মীয়-স্বজনকে হস্তান্তর করা হবে।