লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের দত্তপাড়া-বরপাড়া-উমিদপুর-পাটারীর হাট সড়ক পুনঃনির্মাণকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের দত্তপাড়া-বরপাড়া-জিপিএস-উমিদপুর সড়কটির উমিদপুর বশিকপুর এলাকার আধা কিলোমিটার পুনঃনির্মাণ ও সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে উঠেছে। এ সুযোগে প্রায় এক বছর আগে এলাকার একটি চিহ্নিত গ্রুপ অফিসে ঘুষ দিয়ে কাজ টেন্ডার করিয়ে নেয়ার জন্য কয়েকটি বাড়ির তালিকা করে প্রায় এক লাখ চাঁদা আদায় করে। সম্প্রতি এলজিইডি কর্তৃক সড়কটি টেন্ডার হয়ে গেলে ঠিকাদারের লোকজন কাজ শুরু করেন। এবারো সুযোগ বুঝে একই চক্র অফিসে আরো টাকা লাগবে অজুহাত তুলে বিভিন্ন বাড়িতে চাঁদা দাবি করতে থাকে। এসব চিহ্নিত চক্রের মধ্যে রয়েছে একই এলাকার সোহেল, সুজন, নুরনবী, ফরাজি সোহেল ও লোকমান (কাইসসার বাড়ি) গং। যেসব বাড়িতে চাঁদা দাবি ও আদায় করা হয় তার মধ্যে মজিবুল হক পাটওয়ারী বাড়ি, খান বাড়ি, করম উদ্দিন পাটওয়ারি বাড়ি উল্লেখযোগ্য। এ ব্যাপারে জানতে চাইলে শহিদুল ইসলাম নামের এক প্রকৌশলী জানান, বিষয়টি তিনিও লোকমুখে শুনেছেন। তবে সত্য কি মিথ্যা তা জানা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, আমার জানামতে এলাকার মানুষের কাছ থেকে অফিসে ঘুষ দেয়ার জন্য আগে একবার ৬০ হাজার টাকা তোলা হয়েছিল। এখন আবার একই কথা বলে টাকা তোলার বিষয়টি সঠিক। তবে ওদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক পেশাজীবী নয়া দিগন্তকে জানান, এ রাস্তা দিয়ে সব এলাকার সব ধরনের মানুষ চলাচল করবে। আমাদের কতেক বাড়ির লোকজনকে কেন চাঁদা দিতে হবে?
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক জানান, এ ব্যাপারে একজন তাকে ফোনে জানিয়েছেন। তিনি সাথে সাথেই এলাকার দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রকে বলেছেন খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য।