কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ডিজেল ইঞ্জিনচালিত থ্রি হুইলারের (ভটভটি) সহকারী শাহিন মিয়া (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রাকিব (২০) নামের আরো একজন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

শাহিন মিয়া সোনাহাটের বানুরকুটি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, সোনাহাট ইউনিয়নের লক্ষী মোড় ও ঘুন্টিঘর নামক এলাকার মাঝখানে ওই যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে যানটির সহকারী শাহিন মিয়া ঘটনাস্থলে মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।