ঢাকার আশুলিয়া থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দু’টির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার একটি সবজি ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।
স্বনির্ভন ধামসোনা ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য শফি উদ্দিন জানান, এলাকাবাসী একটি সবজিস ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক শফি উল্লাহ জানান, স্থানীয় ইউপি মেম্বারের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। পরিচয় জানার পাশাপাশি অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে উদ্ধার হওয়া নারীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুল করিম জানান, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার পাশাপাশি ঘাতক চালক ও গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।






