বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল দাহ্য পদার্থ, ব্লিচিং পাউডারবাহী ভারতীয় ট্রাকে আগুন ধরে গাড়িটি পুড়ে গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভারতীয় এ ব্লিচিং ট্রাকটি বেনাপোল বন্দরের ৩২ নম্বর শেডের সামনে এলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় ওয়্যারহাউজের মধ্যে থাকা আমদানি পণ্যবাহি ট্রাক দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বর্জপাত থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার সরকার বলেন, কিভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব না।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন অগ্নিকাণ্ডের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।





