বগুড়ার শেরপুরে নেটসংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রকি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামে এ দুর্ঘটনা হয়।
রকি সুঘাট ইউয়িননের সুঘাট গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও কল্যাণী হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
জানা যায়, স্কুল বন্ধ থাকায় ব্রডব্যান্ড লাইন নিয়ে সুঘাট বাজার এলাকায় মোবাইলে নেট চালাতো। নেটসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে আওলাকান্দি এলাকায় বৈদ্যুতিক খুঁটি দিয়ে আসা নেটসংযোগটি ঠিক করতে নেয়। এ সময় বৈদ্যুতিক খুঁটির তারের সাথে লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা রকিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।





