টিকটকারের ফাঁদে বরগুনায় অপহৃত কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর বাড়ি বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, নারায়নগঞ্জের রুবেল (২৮) নামে একজন টিকটকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি এলাকার দুলালের ছেলে।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মে কিশোরীর ফুপু বরগুনা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন তার ভাইয়ের মেয়ে দশম শ্রেণীর সাথে ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকের মাধ্যমে রুবেল নামের এক তরুণের পরিচয় হয়।

সে সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে কিশোরীর বাবা রুবেলের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ফোনে তার মেয়ের সাথে যোগাযোগ করতে নিষেধ করেন। পরে ৩০ মে বিকেলে কিশোরী স্থানীয় বাজারে বিউটি পার্লারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। এরপর থেকে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, কিশোরীর ব্যাপারে থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে বরগুনা থানার উপ-পরিদর্শক হারুন-অর রশিদের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।