মাদারীপুরে যুবলীগ কর্মী সজিব খানকে (২৮) কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে শহরের কুলপুদ্দি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সজিব মাদারীপুর সদর উপজেলা যুবলীগ কর্মী ও কুলপুদ্দি বকুলতলা এলাকার মৃত মানিরুজ্জামান খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় শহরের কুলপদ্দি চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল থামিয়ে একটি মুদি দোকান থেকে বাজার করছিলেন সজিব। হঠাৎ ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময়ে সজিবের ডাক-চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় সজিবকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে মঙ্গলবার ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি টিভির একটি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।