অপহরণ ও মুক্তিপণ আদায়ের ৮ ঘণ্টা পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও মুক্তিপণের টাকাসহ পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
বুধবার গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এরা হলেন, শেরপুর জেলার নকলা থানার চর বন্তিপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মজনু (২৭), রংপুর জেলা পীরগঞ্জ থানার তুলারামপুর গ্রামের কামরুলের ছেলে আলামিন (২৫), নাটোর জেলার নলডাঙ্গা থানার পশ্চিম সোনাপাতিল আড়িয়া পাড়ার ইউসুফের ছেলে স্বপন (২২), টঙ্গী পশ্চিম থানার খরতৈল সুখী নগরের আবু তালেবের ছেলে ফয়সাল (৩১) ও টঙ্গী পূর্ব থানার গাজীপুরা ফকির বাড়ী রোডের আলী হোসেনের ছেলে ওয়াসিম (৩৫)।
গ্রেফতারকৃতরা স্থানীয় মামুন বাহিনীর সদস্য বলে জানায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম জানান স্থানীয় পশ্চিম গাজীপুরা নতুন মন্ডলের গলীর ফারুক হোসেনের বাড়ির ম্যানেজার খোকন মোল্লার (৪০) কাছে চাঁদা দাবি করে আসছিল মামুন বাহিনীর সদস্যরা। নিয়মিত চাঁদা না দিলে তাকে এলাকায় থাকতে দেবে না বলে জানিয়েছিলো মামুন বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, গত সোমবার রাত সাড়ে ৮টায় খোকন মোল্লা মসজিদে যাওয়ার পথে তাকে অপহরণ করে মামুন বাহিনীর সদস্যরা। তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে এবং তার পকেটে থাকা ২০ হাজার টাকা লুটে নেয়। এর পর আরো এক লাখ টাকার মুক্তিপণের দাবিতে তাকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তিনি প্রাণভয়ে স্বজনদের কাছে ফোন করে তাকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধারের আকুতি জানান। স্বজনরা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের কাছে ২৫ হাজার টাকা পাঠায়। এর পরও তাকে মুক্তি না দেয়ায় স্বজনরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি কর্মকর্তাদের শরণাপন্ন হন।
জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ ইলতুৎমিশের নির্দেশে টঙ্গী পশ্চিম থানার ওসি মো: শাহ আলমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃত খোকন মোল্লাকে মুক্তিপণের টাকাসহ উদ্ধার এবং অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।






