ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার জীবন মিয়ার ছেলে গিয়াস মিয়া (১১) চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাগাচং চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গিয়াস মিয়া উপজেলা সদরের আলীনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। সে ১৮ পাড়া কোরআন শরীফ হেফজ করেছেন। রোনাকালীন সময়ে মাদরাসা বন্ধ থাকায় ব্যবসায়ী বাবা জীবন মিয়ার সাথে ছাগল নিয়ে বিভিন্ন বাজারে যাওয়া-আসা করত গিয়াস।
বুধবার দুপুরে জেলা সদরের পাগাচং চানঁপুর বাজারে বাবার সাথে ছাগল নিয়ে যাচ্ছিল গিয়াস। বাজারের পাশের লাইন দিয়ে হঠাৎ ট্রেন আসার শব্দে গিয়াসের হাতে থাকা একটি ছাগল রেললাইনে চলে যায়। পরে ছাগল ধরতে গেলে ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় গিয়াস মিয়া। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






