নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পেছাতে ছয় প্রার্থী আবেদন করেছেন। আগামী ২১ জুন (সোমবার) উপজেরার সাতটি ইউনিয়নে নির্বাচন গ্রহণের কার্যক্রম চলছে।
মঙ্গলবার দুপুর ১২টায় দু’টি ইউনিয়নের নির্বাচন পেছানের দাবিতে নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন জমা দেয়া হয়েছে। সোনাদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আরাফাত, সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আহছান উল্যাহ বাহারসহ তিনজন প্রার্থী স্বাক্ষরিত একটি আবেদন জমা দেয়া হয়।
এছাড়াও একই দাবিতে চর ঈশ্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আজাদ, চেয়ারম্যান প্রার্থী সালমা আক্তার লাকী, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক সোহেল স্বাক্ষরিত একটি আবেদন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হয়।
আবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী উপকূলীয় হাতিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের গত ১১ এপ্রিল ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল। যা দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নির্বাচন কমিশন গত ৩ মার্চ স্থগিত ঘোষণা করে। পরে নির্বাচন কমিশন বিগত ২ জুন উপকূলীয় হাতিয়া উপজেলার সাতটি ইউনিয়নের ভোট গ্রহণের তারিখ আগামী ২১ জুন নির্ধারণ করে। কিন্তু ঘূর্ণিঝড়ের আঘাতে হাতিয়ার চতুর্দিকে বেড়িবাঁধ না থাকায় রাস্তা ভেঙ্গে গেছে এবং অধিকাংশ কেন্দ্রে যাতায়াতের রাস্তা পানির নিচে তলিয়ে আছে। ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়ন ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে যাতায়াতের রাস্তা জোয়ারের পানিতে ভেঙে যাওয়ায় ওই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত হওয়া কোনো ভাবেই সম্ভব নয়। তাছাড়া বর্তমান বর্ষা মৌসুমের কারণে হাতিয়ার চতুর্দিকে বেড়িবাঁধ না থাকায় গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে এবং দ্বীপ উপজেলা হওয়ায় আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে রাস্তাঘাট নষ্ট হওয়ায় আমরা প্রার্থীদের প্রচার কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। টানা বর্ষণের ফলে রাস্তাঘাট নষ্ট হওয়ায় ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদান না করার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ভেঙে যাওয়া রাস্তা নির্মাণ করে শুকনো মৌসুমে সুন্দর পরিবেশে ভোটারের উপস্থিতি নিশ্চিত করণের মাধ্যমে ভোটারদের সুন্দরভাবে ভোট দেয়ার সার্থে নির্বাচন স্থগিত করে ভোটগ্রহণের তারিখ আগামী বছরের জানুয়ারি মাসে নির্ধারণ করা প্রয়োজন।
হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাকির হোসেন জানান, আগামী ২১ জুন উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হলো, জাহাজমারা, নিঝুমদ্বীপ, চর ঈশ্বর, চরকিং, সোনাদিয়া, বুড়ির চর ও তমরুদ্দি। ইতোমধ্যে প্রার্থীরা ইউনিয়নগুলোয় নির্বাচনী প্রচরাণাও চালিয়েছেন। আমার কার্যালয়ে নির্বাচন পেছানোর কোনো আবেদন আসেনি।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল হাসান জানান, হাতিয়া উপজেলার চরঈশ্বর ও সোনাদীয়া
ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন পেছানের জন্য আবেদন করা হয়েছে। বিয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।






